ক্রীড়া ডেস্ক : নিলাম থেকে লিটন দাসকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। টি-টোয়েন্টির অধিনায়ককে ৭৫ লাখ টাকায় কিনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দ্বাদশতম বিপিএলের নিলামের ‘এ’ ক্যাটাগরিতে থাকা লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে নাম ওঠে তার। সেখান থেকে ৭৫ লাখ টাকা তাকে দলে ভেড়ায় রংপুর। লিটনকে নেওয়ার পর নিলাম থেকে তাওহিদ হৃদয়কেও দলে ভিড়িয়েছে রংপুর। মিডল অর্ডার ব্যাটারকে ৯২ লাখ টাকায় পেয়েছে তারা। তার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।
অন্যদিকে প্রথম ব্যাটার হিসেবে নিলামে নাম ওঠে নাঈম শেখের। ‘এ’ ক্যাটাগরির এই বাঁহাতি ব্যাটারকে নিতে কাড়াকাড়ি চলে সিলেট টাইটানস, রংপুর, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় বাঁহাতি ওপেনারকে নিয়েছে চট্টগ্রাম। বিপরীতে নিলামে নাম উঠলেও মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকে কেউ কিনতে আগ্রহ দেখায়নি। তাদের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। পরে অবশ্য আবারও তাদের নাম তোলা হবে নিলামে। তখন তাদের ‘সি’ ক্যাটাগরিতে তোলা হবে। ভিত্তিমূল্য হবে ২২ লাখ টাকা।