খেলা ডেস্ক: ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় আজ রাতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনে এভিভা স্টেডিয়ামে। এ ম্যাচ সামনে রেখে ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিশ্রুতি দিয়েছেন, আয়ারল্যান্ডের মাঠে তিনি ‘ভালো ছেলে’টি হয়ে থাকবেন।পর্তুগিজ কিংবদন্তির হঠাৎ এমন ভালো ছেলে হয়ে থাকার প্রতিশ্রুতি কেন—এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
উত্তর লুকিয়ে গত মাসে লিসবনে আয়ারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলে জয়ের ম্যাচে। যোগ করা সময়ে রুবেন নেভেস গোলটি করার পর আইরিশ ডিফেন্ডার জ্যাক ও’ব্রায়েনের মুখের ওপর উদ্যাপন করেছিলেন রোনালদো। আইরিশ সমর্থকেরা নিশ্চয়ই রোনালদোর সেই উদ্যাপন ভুলে যাননি। তাই এভিভা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হতে যাওয়া এ ম্যাচে আইরিশ সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার প্রস্তুতি নিয়েই রেখেছেন রোনালদো।
লিসবনের সেই ম্যাচে আরও কিছু ঘটনা ঘটেছিল। তাঁর পেনাল্টি রুখে দিয়েছিলেন আয়ারল্যান্ড গোলকিপার ক্যালভিন ক্যালাহার। আয়ারল্যান্ড সমর্থকদের অভিযোগ ছিল, পেনাল্টি পাওয়ায় অফিশিয়ালদের প্রভাবিত করেছেন রোনালদো। ডাবলিনে ফিরতি ম্যাচে আইরিশরা যে সেই বিষয়টি নিয়ে কিছু করার চেষ্টা করবে, সেটা জানেন রোনালদো। কারণটা ব্যাখ্যা করে কিংবদন্তি বললেন, ‘এটা স্বাভাবিক। কারণ, তারা আগামীকাল হারলেই বাদ পড়বে। তাই ম্যাচটি নিয়ে তারা অনেক কিছু করার চেষ্টা করবে। আমাদের কঠিন এক ম্যাচের প্রস্তুতি নিতে হবে। তাদের দলটাও ভালো।
মন্তব্য করুন